![]() |
| ফাইল ফটো |
ঢাকা: পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে টেইলার্স ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে আদালতে দেওয়া চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। মঙ্গলবার পুলিশের দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেন আদালতে দায়ের করা মামলার বাদী মাহাবুবুল আলম দুলাল। শুনানি শেষে বিকাল ৫টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বাদীর চার্জশিটের বিরুদ্ধে দাখিল করা নারাজী খারিজ করে চার্জশিট গ্রহণ করেন।
আদালত কর্তৃক চার্জশিট গ্রহণ করার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও শেখ রকিবুর রহমান। মামলার নারাজীতে মাহাবুবুল আলম দুলাল উল্লেখ করেন, মামলার তদন্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান লঙ্ঘন করে মূল আসামি, সহ-আসামি ও সহযোগী আসামিদের বাদ দিয়ে অসম্পূর্ণভাবে এবং ঘটনাস্থলে না গিয়েই এ চার্জশিট দাখিল করেছেন। ভিকটিমের রক্তমাখা জামা এ মামলায় জব্দ করা হয়নি। তাই এই ক্রটিপূর্ণ চার্জশিট গ্রহণ না করে অন্য কোনো এজেন্সি কিংবা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান মাহামুদুল আলম দুলাল। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি বিশ্বজিত হত্যাকাণ্ডের ২ মাস ২৪ দিন পর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে ৭ জন জেলহাজতে আছেন। পলাতক আছেন ১৪ জন। চার জনকে এ মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। চার্জশিটভুক্ত ২১ আসামি হলেন ছাত্রলীগ ক্যাডার রফিকুল ইসলাম শাকিল ওরফে চাপাতি শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মো. ইউনুস আলী, আজিজুল হক, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশারফ হোসেন। জেলহাজতে থাকা ৭ জনের মধ্যে শাকিল, নাহিদ, এমদাদ ও শাওন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জেলহাজতে থাকা যে ৪ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে, তারা হলেন, মামুন অর রশিদ, ফারুক হোসেন, কাজী নাহিদুজ্জামান তুহিন ও মোসলেহউদ্দীন মোসলেম। উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নিরীহ টেইলার্স ব্যবসায়ী বিশ্বজিৎ দাস।
