মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

১৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

কুমিল্লা: চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ক্ষতিগ্রস্ত ওই লাইন মেরামত শেষে ট্রেন চলাচলের উপযোগী হয়। এ বিষয়ে কুমিল্লা রেল স্টেশনের সহকারী ইঞ্জিনিয়ার ইরফানুল জানান, আখাউড়া ও লাকসাম থেকে দু’টি রিলিফ ট্রেন এসে সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করে রাত ৮টায় ট্রেন চলাচলের জন্য উপযোগী করে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বগিগুলো দুর্ঘটনাস্থানেই পড়ে আছে। কয়েকদিনের মধ্যে ওই বগিগুলো নিয়ে যাওয়া হবে। এদিকে, কুমিল্লা রেল স্টেশন মাস্টার আবুল হোসেন মজুমদার বাংলানিউজকে জানান, দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট-নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়েছিল। এর ফলে ওইসব রুটে চলাচলকারী সব ট্রেনের নির্ধারিত সিডিউল বাতিল করা হয়। উল্লেখ্য, ভোর ৫টায় কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ারবাজার বিশ্বরোড ও বিজয়পুরের মধ্যবর্তী স্থানে তূর্ণা-নিশিতা ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে ১০ যাত্রী আহত হন। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদুয়ারবাজার বিশ্বরোড ও বিজয়পুরের মধ্যবর্তী স্থানে রেললাইনের একটি ফিসপ্লেট তুলে ফেলায় ট্রেনটি এ দুঘর্টনায় কবলিত হয়।