নিউজডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের সকালে নাশকতার কারণে কুমিল্লায় বড় ধরনের দুর্ঘটনায় পড়েছে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর তূর্ণা নিশিথা। রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ২০ জন আহত হয়েছেন। চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কুমিল্লা বিশ্বরোড পদুয়ারবাজার রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।
কুমিল্লা রেলস্টেশনের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মো. হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের কোনো এক সময় লাইনের ফিসপ্লেট খুলে পাশের ধানক্ষেতে ফেলে দেয়া হয়। এ কারণেই ইঞ্জিনসহ সাতটি বগি লাইন থেকে বেরিয়ে উল্টে গেছে।” জেলা প্রশাসক রেজাউল আহসান ও পুলিশ সুপার মাহাবুবুর রহমান খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “হরতাল সমর্থকরাই এ নাশকতা ঘটিয়েছে।” রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, আখাউড়া ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গেছে। তবে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে অন্তত ছয় ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি। এর আগে গত ১৯ মার্চ হরতালের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বেইস প্লেট খুলে রেল লাইন উপড়ে ফেলায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ১১ ঘণ্টা বন্ধ থাকে। আর গত ১ মার্চ ফেনীতে রেল নাইন উপড়ে ফেলায় মহানগর গোধূলী লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে ১১ ঘণ্টা। এছাড়া গত এক মাসে রাজশাহী, গাজীপুর ও ঢাকার কমলাপুরে ট্রেনে আগুন দেয়া হয়, বগুড়ায় পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন। পুলিশ বলছে, যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী জামায়াত-শিবির এবং তাদের শরিকরাই এসব ঘটনার পেছনে জড়িত।
