বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

লং মার্চে বিপুল লোক সমাগমের টার্গেট বিএনপি-জামায়াতে

ঢাকা: হেফাজতে ইসলামের লং মার্চে বিপুল সংখ্যক লোক সমাগমের টার্গেট নিয়েছে বিএনপি ও জামায়াত। তবে ১৮ দলীয় জোটের এই দুই প্রধান দল নিজেদের ব্যানারে নয়, নিজেদের নেতাকর্মীদের হেফাজতে ইসলামের জমায়েতে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এমনকি বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশও করতে চাইছে না। তবে উভয় দলেরই নির্ভরযোগ্য সূত্র সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে।  
দলীয় সূত্র জানিয়েছে, এ নিয়ে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় দু’ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি নেতারা। এ সময় অধিকাংশ সিনিয়র নেতা খালেদা জিয়ার সঙ্গে সাতক্ষীরা সফরে থাকায় ঢাকায় অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে এ বৈঠক হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ বৈঠকে অংশ নেন ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মান্নান, ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান, নরসিংহী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি তৈমুর আলম খন্দকার, সেক্রেটারি কাজী মনির, সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ। বৈঠকে ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকেই মূলত অধিক লোক আনার পরিকল্পনা হয়। এদিকে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, আব্দুল হালিম ও ক’জন শিবির নেতার এক বৈঠকেও অনুরূপ সিদ্ধান্ত হয়। একই ধরনের বৈঠক হয় ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা ফয়জুল্লাহর নেতৃত্বে। নেতাকর্মীদের ৬ ও ৭ এপ্রিল লংমার্চের অংশ হয়ে থাকার মতো প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয় এসব বৈঠকে।